spot_img

১২টি চিন্তার ফাঁদ যেগুলো আপনাকে দুঃখী করছে

কগনিটিভ ডিস্টরশন কী, কেন এটি গুরুত্বপূর্ণ?

চিন্তার বিকৃতি (Cognitive Distortion) হলো মানুষের মনে গভীরভাবে গেঁথে যাওয়া অযৌক্তিক ও নেতিবাচক চিন্তার প্যাটার্ন, যা বাস্তবতার সাথে মেলে না। এ ধরনের চিন্তা আবেগকে অতিরঞ্জিত করে তোলে এবং ধীরে ধীরে কর্মস্পৃহা হারাতে শুরু করে, আত্মমর্যাদা কমিয়ে দেয়, এমনকি দীর্ঘস্থায়ী উদ্বেগ, বিষণ্ণতা বা অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT) এমন চিন্তাগুলো চিনতে এবং সেগুলোকে বাস্তবসম্মত, সহায়ক চিন্তা দিয়ে প্রতিস্থাপন করতে সাহায্য করে।

কিছু চিন্তার বিকৃতি (Cognitive Distortion) নীচে আলোচনা করা হল।

১) Mental Filtering (মানসিক ছাকনী)

দুই ধরণের মানসিক ছাকনি মানুষ ব্যবহার করে।

ক) নেতিবাচক মানসিক ছাকনী– একে টানেল ভিশন ও বলে। এতে ব্যক্তি শুধু একটি ঘটনার নেতিবাচক দিকে মনোযোগ দেয় এবং সেগুলোকে অনেক বড় করে দেখে। যেমনঃ রিয়াদের বস তাকে বললেন, ‘তোমার প্রেজেন্টেশনটি ছিল অসাধারণ—শুধু শেষের স্লাইডটা একটু দুর্বল ছিল।’ কিন্তু রিয়াদ শুধু সেই এক লাইনটাই মনে রাখল, আর ভাবল, ‘আমি সবকিছু নষ্ট করে দিয়েছি!’ অর্থাৎ রিয়াদ, তার কাজের ভালো একটা রিভিউ প্রতিবেদন পেল তারপরও তার মনোযোগ শুধু তার বসের একটা নেতিবাচক মন্তব্যের দিকেই রয়ে গেল।

খ)ডিসকোয়ালিফায়িং দ্য পজিটিভ  – এরা ইতিবাচক চিন্তাকে স্বীকার করে কিন্তু তা গ্রহণ করে না। কোন একটি অজুহাতে তা ইতিবাচক চিন্তাকে নেতিবাচক চিন্তায় পরিনত করে। একজন ছাত্র পরীক্ষায় ভালো ফলাফল করা সত্ত্বেও তা উপেক্ষা করে বলতে থাকে তার কপাল ভালো ছিল বিধায় রেজাল্ট ভালো হয়েছে এটা তার কঠোর পরিশ্রমের ফল নয়। যেমনঃ সাকিব পরীক্ষায় 90% নম্বর পেল। বন্ধুরা অভিনন্দন জানালে সে বলল, ‘ওই প্রশ্নগুলো আগে থেকেই জানা ছিল, আসলে আমি কিছু পারি না।’

২) Polarization (মেরুকরণ)

এ ধরনের চিন্তার বিকৃতিতে আক্রান্ত ব্যক্তিরা সবকিছুকে চরম মাত্রায় চিন্তা করে। এধরনের চিন্তাকে অল-অর-নাথিং (All-or-Nothing) অথবা সাদা এবং কালো (Black and White) চিন্তাও বলা হয়ে থাকে। এদের মনে হয় সব কিছু নিখুঁত হতে হবে তা না হলে সব ব্যর্থ। এদের কাছে মধ্যবর্তী বলে কিছু নেই। যেমনঃ একজন ছাত্র পরীক্ষায় A- পেয়েছে। কিন্তু তার কাছে মনে হচ্ছে সে ব্যর্থ কারণ, তার A+ ছারা অন্য কোন গ্রেড পাওয়ার কোন অর্থ নেই। আর একটি উদাহরণ দেয়া যাক, যেমন- মিম একটি ড্রয়িং কন্টেস্টে দ্বিতীয় হল। কিন্তু সে ভাবল, ‘যেহেতু আমি প্রথম হইনি, আমি সম্পূর্ণ ব্যর্থ! এদের মানসিকতা হলো- “আমি যা করি তার সবকিছুতে সবচেয়ে বেশি / সর্বচ্চো সাফল্য যদি না পাই, তাহলে আমি সম্পূর্ণ ব্যর্থ”।

৩) Overgeneralization

দুই একটা উদাহরণ দেখে বাকি অন্যান্য সামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি সম্পর্কে একই ধারণা করে নেওয়া। এখানে ব্যক্তি একটি ঘটনার দিকে মনোযোগ দেয় এবং একটি নেতিবাচক ঘটনার উদাহরণ থেকে সিদ্ধান্তে উপনীত হয়।
উদাহরণঃ
১)একজন ছাত্র একটি পরীক্ষায় খারাপ করল, এর উপর ভিত্তি করে, সে ভাবতে থাকে যে, সে একজন নির্বোধ/বোকা এবং ব্যর্থ। সে আরো বিশ্বাস করতে শুরু করে যে, ভবিষ্যতে সে যে পরীক্ষা দিবে সবগুলোতেই সে খারাপ করবে।
২) আরিফ একবার চাকরির ইন্টারভিউতে ভালো করতে পারেনি। এখন সে ভাবে, ‘আমি কখনোই চাকরি পাব না—আমি অকেজো!’

৪) Jumping into Conclusion (প্রমাণ ছাড়াই সিদ্ধান্তে আসা) 

পর্যাপ্ত তথ্য বা প্রমাণ ছাড়াই কোনো ঘটনা সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। যেমন-
– “বস আমার দিকে তাকালেন না—নিশ্চয়ই আমার কাজে তিনি খুশি নন!” (Mind Reading)
– “আমি ইন্টারভিউতে যাব—কিন্তু নিশ্চয়ই ফেল করব!” (Fortune Telling)
৪ক) Mind reading (অন্যের মন বুঝতে পারা)- এই ধরনের চিন্তায় ব্যক্তি মনে করে যে সে অন্যদের মনের কথা বুঝতে পারে—যদিও তা বাস্তবসম্মত নয়। সে প্রায়শই ধরে নেয় যে অন্যরা তার সম্পর্কে নেতিবাচক কিছু ভাবছে। যেমনঃ অফিসে কেউ আমার দিকে তাকালেই আমি ভাবি, ‘নিশ্চয়ই ওরা আমার পোশাক নিয়ে হাসছে!’—যদিও কেউ কিছু বলেনি।”
৪খ) Fortune Telling (ভবিষ্যৎ বলে দেয়া )- কোন তথ্য প্রমাণ ছাড়াই ঘটনা ঘটার পূর্বেই নেতিবাচক সিদ্ধান্তে উপনীত হওয়া। যেমনঃ আগামীকাল প্রেজেন্টেশন দেব—নিশ্চয়ই সবাই হাসবে, আমি লজ্জায় মরে যাব!” অথবা “আমার মন এতটাই খারাপ হয়ে যাবে যে, কোন কাজে মন দিতে পারব না”। অথবা “আমি ফেল করব তা সহ্য করতে পারব না”।

৫) Catastrophizing (বিপর্যায়ের আশংকা)

এই ধরনের চিন্তার বিকৃতিতে আক্রান্ত ব্যক্তি ছোটখাটো কোনো ঘটনাকে অতিরঞ্জিতভাবে বড় করে দেখে। সে মনে করে, সামান্য একটি ভুল বা দুর্ঘটনা থেকে শুরু হয়ে সবকিছু ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ, সে সবসময় সবচেয়ে খারাপ ফলাফলটিই কল্পনা করে।
যেমনঃ -“আমি যদি আজকের এই পরীক্ষায় পাশ না করি তাহলে, আমি কখনোই স্কুল পাশ করতে পারব না এবং আমার পুরোজীবনটাই ব্যর্থ হয়ে যাবে”

-“বাসে একটু দেরি হলেই তানভীর ভাবে, ‘এখন অফিসে লেট হবে, বস চাকরি ছাড়িয়ে দেবেন, আর আমি বাড়ি ভাড়া দিতে পারব না!”
৫ক) Magnification – এক্ষেত্রে কেউ নিজের, অন্যের বা কোন ঘটনার মুল্যায়ন করার সময়, যুক্তিহীনভাবে নেতিবাচক বা অপ্রয়োজনীয় বিষয় যেমন কোন একটি ভুলকে অনেক বড় করে দেখে।

যেমনঃ একবার রিপোর্টে একটা ছোট ভুল হলেই সুমন ভাবে, ‘আমি সম্পূর্ণ অযোগ্য—আমার চাকরি করার অধিকার নেই!
৫খ ) Minimization – এখানে ব্যক্তি ইতিবাচক অভিজ্ঞতাগুলোকে ছোট করে দেখে অর্থাৎ ব্যক্তি ইতিবাচক গুণগুলোর গুরুত্ব কম দেয়। যেমনঃ আমি পরীক্ষায় ভাল নম্বর পেয়েছি মানেই আমি মোটেও ভাল ছত্র নই। অথবা সাবরিনা তার বন্ধুদের সাহায্য করলে তারা বলল, ‘তুমি অসাধারণ!’ কিন্তু সে ভাবল, ‘ওরা শুধু ভদ্রতা করছে—আমি তো কিছু করিনি!’

৬) Personalization(ব্যক্তিগতভাবে নেয়া)

এই ধরনের চিন্তার ত্রুটিতে ব্যক্তি সবকিছু নিজের সাথে যুক্ত করে নেয়। অর্থাৎ, যেকোনো খারাপ ঘটনার জন্য নিজেকে দায়ী করে—যদিও তার কোনো দোষ নাও থাকতে পারে। এমনকি যখন ঘটনাটি তার সাথে সরাসরি সম্পর্কিত নয়, তখনও সে ভাবে, ‘এটা আমার কারণে হয়েছে!’
উদাহরণ:
– “অফিস পার্টিতে কেউ আমার সাথে কথা বলল না। আমি ভাবলাম, ‘নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি!’—যদিও সবাই ব্যস্ত ছিল।”
– “বন্ধুর বিয়েতে সবাই মজা করছিল, কিন্তু সাবরিনা নীরব ছিল। পরে সে ভাবল, ‘নিশ্চয়ই আমার কারণে সবার মজা নষ্ট হয়ে গেছে!’

৭) Blaming (দোষারোপ)

এই ধরনের চিন্তার বিকৃতিযুক্ত ব্যক্তিরা সবসময় নিজের কষ্ট বা দুর্ভাগ্যের জন্য অন্যকে দোষারোপ করে। এমনকি নিজের ভুলের জন্যও অন্যকে দায়ী করে।
উদাহরণ:
• “আমাকে কেউ বুঝে না তাই আমার এত কষ্ট” অথবা
• “আমার সম্পর্ক ভেঙে গেছে—কারণ আমার পার্টনার কখনো আমাকে সময় দেয়নি! আমি কোন ভুল করিনি।”

৮) Should and must Statement (উচিত ও অবশ্যই)

এই চিন্তার ত্রুটিতে আক্রান্ত ব্যক্তি নিজের ও অন্যদের জন্য কঠোর নিয়ম তৈরি করে—যেমন, ‘আমার এটা করা উচিত’, ‘ওকে অবশ্যই এমন আচরণ করতে হবে’। যখন সে বা অন্য কেউ এই নিয়ম ভাঙে, তখন সে রাগ, দোষারোপ বা গভীর দুঃখ অনুভব করে।
যেমন: আরিশা চায় যে সে গানের সাথে নিখুঁতভাবে গিটার বাজাবে—কোনো ভুল হবে না। কিন্তু একদিন সামান্য ভুল হতেই সে নিজের প্রতি রেগে যায়, নিজেকে অদক্ষ বা অপারগ মনে করে কাঁদতে থাকে। শেষ পর্যন্ত, সে গিটার বাজানোই ছেড়ে দেয়—কারণ নিজের সাথে তার এই কঠোর ‘উচিত’ নিয়ম তাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে দেয়।

৯) Emotional Reasoning (আবেগকে বাস্তব মনে করা)

আবেগীয় যুক্তি হলো যখন কেউ নিজের আবেগকেই বাস্তবতা মনে করে। যেমন—করিম নিজেকে মূল্যহীন অনুভব করছে, তাই সে ভাবে, ‘আমি সত্যিই মূল্যহীন!’ অথবা, ‘আমার বোরিং লাগছে—মানে আমি আসলেই বোরিং!’
এমনকি যদি কেউ নিজেকে অপরাধী বোধ করে, সে ধরে নেয় যে সে সত্যিই একজন খারাপ মানুষ—যদিও তার কোনো প্রকৃত ভুল নাও থাকতে পারে।
এই ধরনের চিন্তা শুধু মানসিক যন্ত্রণা বাড়ায় না, কখনো কখনো অস্বাস্থ্যকর আচরণ—যেমন অতিরিক্ত খাওয়া—এর দিকেও ঠেলে দিতে পারে।

১০) Control Fallacy (নিয়ন্ত্রণ সংক্রান্ত ভ্রান্তি)

এই ধরণের বিকৃতি দুই ধরণের বিশ্বাস দ্বারা ব্যখ্যা করা যায়- একটি অভ্যন্তরীণ(Internal Control Fallacy) এবং অপরটি বাহ্যিক নিয়ন্ত্রণ (External Fallacy)।
১০ক) Internal Fallacy(অতিরিক্ত দায়িত্ববোধ)– অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ চিন্তার ত্রুটিতে আক্রান্ত ব্যক্তি মনে করে, তার চারপাশের সবকিছু—এমনকি অন্যদের আবেগ বা ভুল এর উপর-তার নিয়ন্ত্রণে আছে। ফলে, যদি কেউ দুঃখী হয় বা কোনো ক্ষতি হয়, সে নিজেকেই দোষারোপ করে। উদাহরণ স্বরূপ- যেমন: অফিসে এক সহকর্মী নিজের দায়িত্বে একটি ভুল করলেন, যার জন্য প্রকল্পে ক্ষতি হলো। আপনি ওই কাজের সাথে সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু তবু ভাবলেন, ‘আমি যদি আগে খেয়াল করতাম, এটা হতো না!’—যদিও সেটা আসলে আপনার দায়িত্বই ছিল না।
১০খ) External Fallacy (ভাগ্যের উপর ছেড়ে দেওয়া)- এ ধরনের চিন্তায় ব্যক্তি মনে করে যে তার জীবন সম্পূর্ণভাবে ভাগ্য, পরিস্থিতি বা অন্যদের হাতে নিয়ন্ত্রিত—যেন নিজের কোনো হাত নেই। ফলে সে অনুভব করে, কোনো পরিস্থিতিতেই তার কোনো প্রভাব বা নিয়ন্ত্রণ নেই, যদিও বাস্তবে অনেক ক্ষেত্রে সে নিজেই কিছু পরিবর্তন করতে পারে। উদাহরণ স্বরূপ- একজন ব্যক্তি তার প্রেমিকার সাথে প্রতারণা করে এবং মিথ্যা বলে। যার দরুন একসময় সম্পর্ক ভেঙ্গে যায় কিন্তু ঐ ব্যক্তির মনে করতে থাকে এই ঘটনায় তার কোন হাত নেই।

১১) Fallacy of Change

এই ধরনের বিকৃতির ব্যক্তি আশা করে যে, অন্য ব্যক্তিকে পর্যাপ্ত চাপ প্রয়োগ করলে  সে তার উপযুক্ত হয়ে উঠবে কারণ নিজের সাফল্য ও সুখের জন্য তার প্রত্যাশা পুরোপুরি অন্য ব্যক্তির উপর নির্ভরশীল। যেমন- অনেক স্ত্রী এই বিশ্বাস করে যে,  তার স্বামীর চেহারা ও আচরণের উন্নতি করতে চেষ্টা করলে, এই ছোট খাটো কয়েকটি জিনিষের পরিবর্তন তাদের সুখী করবে।

১২) Global labelling (সামগ্রিক লেবেল দেওয়া)

গ্লোবাল লেবেলিং হলো ওভারজেনারালাইজেশনের একটি চরম রূপ। এ ধরনের চিন্তার বিকৃতিতে, কেউ নিজের বা অন্যের একটি ভুল বা নেতিবাচক ঘটনাকে সম্পূর্ণ ব্যক্তিত্বের লেবেলে রূপান্তর করে। যেমন—‘আমি একটা কাজে ব্যর্থ হয়েছি, তাই আমি একজন ব্যর্থ মানুষ!

উদাহরণ ২- একটি কাজে আপনি এক সহকর্মীর সহযোগিতা চাইলেন, কিন্তু সে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাল। এই একটি ঘটনার উপর ভিত্তি করে আপনি তাকে স্বার্থপর, নিষ্ঠুর, ছোট মনের মানুষ মনে করতে শুরু করলেন। প্রকৃত পক্ষে ঐ ব্যক্তি হয়ত তার কাজ নিয়ে সাংঘাতিক চাপে রয়েছে।

উদাহরণ ৩– “একবার আমার বন্ধু আমাকে সাহায্য করতে পারেনি। আমি সঙ্গে সঙ্গে ভেবে বসলাম, ‘ও তো স্বার্থপর আর নির্দয়!’—যদিও পরে জানলাম, ওই দিন ওর মা হাসপাতালে ভর্তি ছিলেন।” ।

১৩) Always being Rights (সর্বদা সঠিক হতে চাওয়া)

এই ধরনের চিন্তার ত্রুটিতে আক্রান্ত ব্যক্তিরা মনে করে, তাদের সবসময় সঠিক হতে হবে। তাই তারা নিজেদের মতামত বা কাজকে কখনো ভুল হতে দেয় না এবং সব তর্কেই জিততে চায়। ভুল মানা তাদের কাছে নিজেকে হার মানা বা মূল্যহীন হয়ে যাওয়ার মতো লাগে। যেমন– ইন্টারনেট মন্তব্যকারীরা যারা একটি মতামত বা রাজনৈতিক ইস্যুতে একে অপরের সাথে তর্ক করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে যেখানে যুক্তিসঙ্গত ব্যক্তিরা ‘একমত’ কিংবা ‘দ্বিমত’ যেকোন একটি সিদ্ধান্তে পৌঁছানো উচিৎ মনে করে। কিন্তু “সর্বদা সঠিক হওয়া” বিকৃতিতে জড়িত ব্যক্তিদের কাছে, এটি কেবল মতের পার্থক্যের বিষয় নয়, এটি একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধ যা যে কোনও মূল্যে জিততেই হবে।

উদাহরণ- “রহিম অনলাইনে একজনের সাথে রাজনৈতিক বিষয়ে তর্ক শুরু করল। ঘণ্টাখানেক যুক্তি-তর্ক হওয়ার পর অপর পক্ষ বলল, ‘আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু আমার মত আলাদা।’ কিন্তু রহিম তা মেনে নিতে পারল না—সে ভাবল, ‘যদি আমি এখানে হারি, তাহলে আমি মূল্যহীন!’ আর তাই সে আরও জোরে তর্ক করতে থাকল, যদিও বিষয়টি ছিল মতামতের, সত্য-মিথ্যার নয়।”

উপরে আলোচিত বিভিন্ন ধরনের চিন্তার বিকৃতি প্রায় সবারই হতে পারে—বিশেষ করে চাপ, উদ্বেগ বা দুঃখের সময়। কিন্তু সচেতন হলে আমরা এগুলো চিনতে পারি এবং ধীরে ধীরে সুস্থ, বাস্তবসম্মত চিন্তার দিকে এগিয়ে যেতে পারি। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (CBT)-এর মতো প্রমাণিত মনোবৈজ্ঞানিক পদ্ধতি এই বিকৃতিগুলো কমাতে সাহায্য করে। তাই, যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের চিন্তায় এমন নেতিবাচক প্যাটার্ন লক্ষ করেন, দ্বিধা না করে একজন যোগ্য মনোবিজ্ঞানীর সহায়তা নিন। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ।

লেখকঃ ডঃ মোঃশাহীনুর রহমান, অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles