নিজস্ব প্রতিবেদক: পরিবর্তনশীল বিশ্বে মানুষের আচরণ এবং দক্ষতার সঠিক ও বৈষম্যহীন মূল্যায়নের লক্ষ্য নিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৩য় আন্তর্জাতিক সাইকোমেট্রিক কনফারেন্স ২০২৬’। আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে এই মর্যাদাপূর্ণ কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “Advancing Psychometric Science for Valid and Fair Measurement in a Changing World”। বাংলাদেশ সাইকোমেট্রিক অ্যাসোসিয়েশন (BPA)-এর প্রধান আয়োজনে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে খ্যাতনামা বৈশ্বিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান icddr,b এবং জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (formerly BSMMU)।
আয়োজক কমিটি জানিয়েছে, কনফারেন্সে মনোবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, শিক্ষা এবং সরকারি-বেসরকারি নিয়োগ প্রক্রিয়ায় সাইকোমেট্রিক মূল্যায়নের গুরুত্ব এবং এর ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বহুমাত্রিক আলোচনা করা হবে। দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের উপস্থিতিতে এতে থাকবে থিম্যাটিক কি-নোট স্পিচ, প্যানেল ডিসকাশন, পোস্টার প্রেজেন্টেশন এবং প্রাক-কনফারেন্স কর্মশালা (Pre-conference Workshops)।
কনফারেন্সে গবেষক ও শিক্ষার্থীদের গবেষণাপত্র বা অ্যাবস্ট্রাক্ট (Abstract) জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট, ২০২৬। আগ্রহী ব্যক্তিরা তাদের গবেষণার সারসংক্ষেপ [email protected] এই ইমেইলে পাঠাতে পারবেন।
এছাড়া সম্মেলনে সাধারণ শ্রোতা (Attendee) বা পেপার প্রেজেন্টার হিসেবে অংশ নিতে আগ্রহীদের জন্য অনলাইন নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে। সরাসরি অনলাইন গুগল ফরম-এর মাধ্যমে অথবা বাংলাদেশ সাইকোমেট্রিক অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজ (https://www.facebook.com/bangladeshpsychometricassociation) থেকে বিস্তারিত তথ্য জেনে নিবন্ধন সম্পন্ন করা যাবে।


