spot_img

পড়াশোনার বৈজ্ঞানিক ট্রিকস: আপনার লার্নিং পারসোনা কী?

শিক্ষণ বিজ্ঞানের আলোকে কম পরিশ্রমে ভালো গ্রেড ও দ্রুত দক্ষতা অর্জনের আধুনিক রূপরেখা

আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে প্রতিটি শিক্ষার্থীর ওপরই পড়ালেখার এক অদৃশ্য পাহাড়প্রমাণ চাপ রয়েছে। আমরা প্রায়শই দেখি, কোনো কোনো শিক্ষার্থী দিন-রাত এক করে টেবিল চেয়ারে বসে পড়েও পরীক্ষার খাতায় আশানুরূপ ফলাফল পাচ্ছে না। আবার কেউ কেউ তুলনামূলকভাবে কম সময় পড়েও চমৎকার গ্রেড অর্জন করছে, পাশাপাশি অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমেও নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখছে। এই পার্থক্যের পেছনের রহস্যটি মেধার কম-বেশি নয়, বরং লার্নিং পারসোনা” (Learning Persona) এবং লার্নিং স্টাইল” (Learning Style) এর সঠিক সমন্বয়।

বিখ্যাত শিক্ষাবিদ অ্যান ক্রসমান (Anne Crossman) তাঁর ল্যান্ডমার্ক গ্রন্থ “Study Smart, Study Less”-এ দেখিয়েছেন যে, গৎবাঁধা উপায়ে অন্ধের মতো পড়াশোনা করার চেয়ে নিজের অবচেতন মনের শেখার ধরণটিকে চেনা অনেক বেশি কার্যকরী। এই নিবন্ধে আমরা অ্যান ক্রসমান, হার্ভে সেগলার এবং জোশ কাউফম্যানের মতো শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের তত্ত্ব ও নিউরোসায়েন্টিফিক ডেটার আলোকে আলোচনা করব কীভাবে একজন শিক্ষার্থী নিজের শিক্ষণ ব্যক্তিত্ব চিনে পড়াশোনাকে অর্থবহ ও সফল করে তুলতে পারে।

১. লার্নিং পারসোনা (Learning Persona) কী?

লার্নিং পারসোনা বা স্টাডি পারসোনা হলো একজন শিক্ষার্থীর পড়াশোনা সংক্রান্ত মনস্তাত্ত্বিক রূপরেখা, স্বভাব এবং আচরণগত বৈশিষ্ট্য। অ্যান ক্রসমান শিক্ষার্থীদের আচরণ ও পড়ার অভ্যাসের ওপর ভিত্তি করে একে মূলত ৪টি প্রধান ভাগে ভাগ করেছেন। নিজের পারসোনাটি জানা থাকলে ভুল পদ্ধতি পরিহার করে সঠিক উপায়ে মনোযোগ আকর্ষণ সম্ভব।

ক. দ্য আনপারফেক্টেড পারফেকশনিস্ট (The Unperfected Perfectionist)

এই ধরণের শিক্ষার্থীরা অত্যন্ত পরিশ্রমী এবং নিয়মানুবর্তী হয়ে থাকে। তারা নিখুঁতভাবে সব কাজ করতে চায়, কিন্তু প্রায়শই তথ্যের গোলকধাঁধায় হারিয়ে যায়। গবেষণায় দেখা গেছে, এরা অতিরিক্ত সময় পড়ার কারণে ‘ইনফরমেশন ওভারলোড’ বা তথ্য-ভারাক্রান্ততায় ভোগে, যার ফলে দীর্ঘমেয়াদী স্মৃতিতে (Long-term memory) তথ্য জমা হতে পারে না। ফলে আশানুরূপ ফলাফল পায় না। এদের জন্য সমাধান হলো সিলেবাসের সব কিছু মুখস্থ না করে প্রধান ধারণাগুলোর দিকে ফোকাস করা।

খ. দ্য ডেডলাইন ডেয়ারডেভিল (The Deadline Daredevil)

এরা সাধারণত দীর্ঘসূত্রিতা বা ‘Procrastination’ এর শিকার। পরীক্ষার আগের রাতের তীব্র মানসিক চাপ বা কর্টিসল হরমোনের (Cortisol) ক্ষরণ না হলে এদের পড়ার গতি আসে না। তাই এরা অ্যাসাইনমেন্ট বা পরীক্ষার একদম শেষ মুহূর্ত পর্যন্ত পড়ালেখা জমিয়ে রাখে এবং শেষ রাতে তীব্র মানসিক চাপ ও আতঙ্কের মধ্য দিয়ে পড়া শেষ করার চেষ্টা করে। নিউরোসায়েন্সের মতে, তীব্র চাপে পড়া তথ্য সাময়িকভাবে মনে থাকলেও পরীক্ষার পরেই মস্তিষ্ক তা সম্পূর্ণ ভুলে যায়।

এদের জন্য সময়ের সঠিক বণ্টন বা টাইম-ব্লকিং এবং একটি শান্ত ও নির্ভরযোগ্য পরিবেশ তৈরি অত্যন্ত জরুরি।

গ. দ্য ম্যক স্ল্যাকার (The Mack Slacker)

এরা সাধারণত পড়াশোনা বা ভালো গ্রেড পাওয়াকে খুব একটা গুরুত্ব দেয় না। এরা পড়ালেখাকে একঘেয়ে ও বিরক্তিকর মনে করে।  মেধা থাকা সত্ত্বেও সঠিক অনুপ্রেরণার অভাবে এরা পড়াশোনা থেকে দূরে থাকে। তবে মনে মনে এরাও সফল হতে চায়, কিন্তু কীভাবে শুরু করবে বা লক্ষ্য পূরণ করবে তা বুঝতে পারে না।

এদের ক্ষেত্রে গ্যামিফিকেশন (Gamification) বা খেলার ছলে পড়াশোনার পদ্ধতি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

ঘ. দ্য ব্রেন ট্রেইনার (The Brain Trainer)

এটি হলো শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিতে সবচেয়ে আদর্শ পারসোনা। এই শিক্ষার্থীরা পড়ালেখা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখে। এরা জানে কখন বিরতি নিতে হবে এবং কোন কৌশলটি প্রয়োগ করতে হবে। পরীক্ষার আগে এরা বেশ শান্ত ও আত্মবিশ্বাসী থাকে। এরা কম পরিশ্রমে সর্বোচ্চ ফলাফল (Pareto Principle বা ৮০/২০ নিয়ম) অর্জনে সক্ষম।

মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি: হার্ভে সেগলার (Harvey Segler) তাঁর “Learning: How To Become a Genius And Expert In Any Subject” গ্রন্থে উল্লেখ করেছেন যে, একজন সত্যিকারের সফল শিক্ষার্থীর অন্যতম গুণ হলো নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সঠিক সময়ে সঠিক কৌশল বা মেন্টরের সাহায্য নেওয়া। নিজের পারসোনা জানা সেই আত্মসচেতনতার প্রথম ধাপ।

২. লার্নিং স্টাইলের বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ (VAK Model)

লার্নিং পারসোনার পাশাপাশি দ্রুত ও স্মার্টলি শেখার জন্য একজন শিক্ষার্থীর নিজের লার্নিং স্টাইল বা শেখার ধরণ চিহ্নিত করা প্রয়োজন। জ্ঞানীয় মনোবিজ্ঞানে (Cognitive Psychology) বহুল ব্যবহৃত VAK (Visual, Auditory, Kinesthetic) মডেল অনুযায়ী মানুষের শেখার প্রধান ৩টি ধরণ নিচে দেওয়া হলো:

  • ভিজ্যুয়াল লার্নার (Visual Learners) : এরা ছবি, ডায়াগ্রাম, চার্ট এবং রঙিন টেক্সট দেখে দ্রুত তথ্য মনে রাখতে পারে। এদের ভিজ্যুয়াল মেমোরি তীব্র হয়। এদের জন্য মাইন্ড ম্যাপ (Mind Mapping), ফ্ল্যাশকার্ড ও রঙিন হাইলাইটার ব্যবহার করা কার্যকর।
  • অডিটরি লার্নার (Auditory Learners): শুনে সবচেয়ে ভালো শেখে। শিক্ষকের লেকচার বা নিজের কণ্ঠের আওয়াজ এদের স্মৃতিকে উদ্দীপিত করে। জোরে জোরে পড়া বা গ্রুপ স্টাডিতে আলোচনা করা এদের জন্য মানানসই।
  • কাইনেস্থেটিক লার্নার (Kinesthetic Learners): শারীরিক স্পর্শ, নড়াচড়া এবং বাস্তব হাতে-কলমে পরীক্ষার মাধ্যমে তথ্য মগজে গেঁথে নেয়। পড়ার সময় হাঁটাচলা করা কিংবা বাস্তব উদাহরণ খোঁজা এদের প্রধান বৈশিষ্ট্য।

৩. অ্যাক্সিলারেটেড লার্নিং এবং দ্রুত দক্ষতা অর্জনের আধুনিক সূত্র

পড়াশোনায় ভালো হওয়ার জন্য কেবল একাডেমিক বই পড়া যথেষ্ট নয়, বরং যেকোনো নতুন বিষয় বা জটিল থিওরি দ্রুত আয়ত্ত করার ক্ষমতা থাকতে হবে। জোশ কাউফম্যান (Josh Kaufman) তাঁর বিখ্যাত গ্রন্থ “The First 20 Hours: How to Learn Anything… Fast!”-এ একটি বৈজ্ঞানিক কাঠামো দিয়েছেন, যা শিক্ষার্থীদের যেকোনো কঠিন বিষয় বা দক্ষতা মাত্র ২০ ঘণ্টার ফোকাসড অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে সাহায্য করে। এই পদ্ধতিটি একাডেমিক পড়াশোনার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য:

  1. টপিক ভেঙে ফেলা (Deconstruct the Skill/Topic): একটি বড় অধ্যায় বা জটিল বিষয়কে ছোট ছোট উপ-অংশে ভাগ করুন। প্রথম দিকে কেবল সেই অংশগুলোই পড়ুন যা পরীক্ষার জন্য ৮০% গুরুত্বপূর্ণ।
  2. ভুল সংশোধনের পরিবেশ তৈরি (Self-Correction): পড়ার পর নিজে নিজে পরীক্ষা দিন বা লেখার অভ্যাস করুন, যাতে নিজের ভুল নিজেই তৎক্ষণাৎ ধরা যায়। জাবেদ মুহাম্মাদ তাঁর পড়ালেখায় ভালো হওয়ার কৌশল” বইটিতেও এই ‘লিখে অনুশীলন’ করার ওপর বিশেষ জোর দিয়েছেন।
  3. মনোযোগের বাধা দূর করা (Eliminate Distractions): পড়ার সময় ফোন, সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন ইত্যাদি সম্পূর্ণ দূরে রাখুন। গবেষণায় দেখা গেছে, একবার মনোযোগ বিঘ্নিত হলে পুনরায় মূল বিষয়ে ফিরে আসতে মস্তিষ্কের প্রায় ২৩ মিনিট সময় লাগে।

পরিশেষে বলা যায়, পড়াশোনা কোনো অবিরাম যুদ্ধ বা শাস্তির প্রক্রিয়া নয়। আপনার লার্নিং পারসোনা যদি “ডেডলাইন ডেয়ারডেভিল” হয়, তবে আজই রুটিন পরিবর্তন করুন। আপনি যদি একজন “ভিজ্যুয়াল লার্নার” হন, তবে বইয়ের পাতার কালো হরফে হাবুডুবু না খেয়ে ছবি ও চিত্রের সাহায্য নিন। শেন কোভি (Sean Covey) তাঁর বিখ্যাত কিশোর নির্দেশিকা “The 7 Habits of Highly Effective Teens”-এ বলেছেন—ধারালো করাত দিয়ে যেমন দ্রুত গাছ কাটা যায়, তেমনি প্রতিদিন নিজের বুদ্ধিমত্তা ও কৌশলকে ‘ধার দেওয়া’ (Sharpen the Saw) পড়াশোনায় সফল হওয়ার একমাত্র পথ। নিজের শিক্ষণ পদ্ধতিকে বিজ্ঞানসম্মত উপায়ে সাজিয়ে তুলুন, স্মার্টলি পড়ুন এবং জীবনকে উপভোগ করুন।

তথ্যসূত্র ও সহায়ক গ্রন্থাবলী (References)

  • Crossman, A. (2011). Study Smart, Study Less: Earn Better Grades and Higher Test Scores, Learn Study Habits That Get Fast Results, and Discover Your Study Persona. Ten Speed Press.
  • Kaufman, J. (2013). The First 20 Hours: How to Learn Anything . . . Fast!. Portfolio/Penguin.
  • Segler, H. (2015). Learning: How To Become a Genius And Expert In Any Subject With Accelerated Learning. Kindle Edition.
  • Covey, S. (1998). The 7 Habits of Highly Effective Teens. Franklin Covey Co.
  • মুহাম্মাদ, জাবেদ (২০১২). পড়ালেখায় ভালো হওয়ার কৌশল. ঢাকা: খেয়া প্রকাশনী.

লেখকঃ প্রফেসর, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles