spot_img

ডার্ক পার্সোনালিটি: প্রেমের সম্পর্কের বিষাক্ত নিয়ন্ত্রণ

ভালোবাসার সম্পর্ক সাধারণত পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সহমর্মিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। কিন্তু সব সম্পর্কের গল্প এক হয় না। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, কিছু বিশেষ নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্য বা ‘ডার্ক পার্সোনালিটি ট্রেইটস’ (Dark Personality Traits) আমাদের প্রেমের সম্পর্কে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, এই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন মানুষরা সঙ্গীকে নিয়ন্ত্রণ করতে ম্যানিপুলেশন (কারসাজি) এবং আগ্রাসনের পথ বেছে নেয়।

ডার্ক ট্রায়াড (Dark Triad) কী?

মনোবিজ্ঞানের ভাষায় তিনটি নেতিবাচক চারিত্রিক বৈশিষ্ট্যের সমষ্টিকে ‘ডার্ক ট্রায়াড’ বলা হয়। এগুলো হলো:

·  নার্সিসিজম (Narcissism): এরা নিজেদের শ্রেষ্ঠ মনে করে এবং সঙ্গীর কাছ থেকে অবিরাম প্রশংসা ও মনোযোগ দাবি করে সেই সাথে নিজের স্বার্থকে সবার ওপরে রাখে। এদের প্রধান সমস্যা হলো ‘Lack of Empathy’ বা অন্যের কষ্ট বোঝার অক্ষমতা।

·  ম্যাকিয়াভেলিয়ানিজম (Machiavellianism): এরা অত্যন্ত চতুর এবং কৌশলী হয়। নিজের স্বার্থ হাসিলের জন্য এরা সঙ্গীকে দাবার গুটির মতো ব্যবহার করতে দ্বিধা করে না। এদের কাছে সম্পর্ক হলো একটি ‘পাওয়ার গেম’।

·  সাইকোপ্যাথি (Psychopathy): এটি সবচেয়ে বিপজ্জনক। এদের মধ্যে অপরাধবোধ বা অনুশোচনা থাকে না। এরা আবেগহীনভাবে সঙ্গীকে আঘাত করতে পারে এবং চরম হঠকারী (Impulsive) আচরণ করে।

গবেষণার মূল তথ্য: সম্পর্ক যখন যুদ্ধের ময়দান

জার্নাল অব সেক্স অ্যান্ড ম্যারিটাল থেরাপিতে প্রকাশিত এই গবেষণায় প্রায় ৬২৪ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর সমীক্ষা চালানো হয়। গবেষণার ফল যা বলছে, তা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট:

  • শারীরিক ও মানসিক আগ্রাসন: যাদের মধ্যে সাইকোপ্যাথি বা নার্সিসিজমের মাত্রা বেশি, তারা সম্পর্কে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। তুচ্ছ কারণে ঝগড়া বাঁধানো, রুঢ় আচরণ করা এবং সঙ্গীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রবণতা এদের মধ্যে প্রবল।
  • যৌন নিপীড়ন ও নিয়ন্ত্রণ (Sexual Coercion): গবেষণায় একটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে: সাইকোপ্যাথি এবং ম্যাকিয়াভেলিয়ানিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সঙ্গীকে যৌন মিলনের জন্য বাধ্য করতে সরাসরি শারীরিক বলপ্রয়োগের চেয়ে মানসিক চাপ (Psychological pressure), বিশেষকরে সূক্ষ্ম  মানসিক নির্যাতন বা ‘ম্যানিপুলেশন’-ওপর বেশি নির্ভর করে। যেমন— “তুমি আমাকে ভালোবাসলে এটা করতে না করতে না” অথবা বিচ্ছেদের ভয় দেখানো। তারা সঙ্গীকে এমনভাবে বিভ্রান্ত করে যে সঙ্গী নিজেই নিজের স্মৃতি বা বিচারবুদ্ধি নিয়ে সন্দেহ করতে শুরু করেন।
  • আধিপত্য বিস্তার: এই ধরনের মানুষরা মনে করে তারা সম্পর্কের ‘মালিক’। বেডরুম থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে তারা নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। অর্থাৎ তারা সঙ্গীর সোশ্যাল সার্কেল, পোশাক-আশাক এমনকি ক্যারিয়ারও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাতে সঙ্গী পুরোপুরি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

লিঙ্গভেদে পার্থক্যের প্রভাব

গবেষণায় দেখা গেছে, পুরুষদের মধ্যে ডার্ক ট্রায়াড বৈশিষ্ট্যগুলো সাধারণত বেশি পরিলক্ষিত হয় এবং তারা এর মাধ্যমে সম্পর্কে ক্ষমতা বজায় রাখার চেষ্টা করে। তবে নারীদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকলে তারা মূলত আবেগীয় ব্ল্যাকমেইল বা সোশ্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ বজায় রাখে।

কেন এমনটা হয়?

মনোবিজ্ঞানীদের মতে, এর মূল কারণ হলো ‘Short-term Mating Strategy’। এই ধরণের মানুষেরা দীর্ঘস্থায়ী গভীর সম্পর্কের চেয়ে তাৎক্ষণিক তৃপ্তি এবং নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দেয়। তাদের কাছে সঙ্গী কোনো রক্ত-মাংসের মানুষ নয়, বরং একটি অবজেক্ট বা লক্ষ্য অর্জনের মাধ্যম। তাছাড়া, সাইকোপ্যাথির সাথে সংশ্লিষ্ট আবেগহীনতা বা ইমোশনাল ডিটাচমেন্ট (Emotional Detachment) ব্যক্তিকে রোমান্টিক সম্পর্কের কোমল অনুভূতিগুলো বুঝতে বাধা দেয়। তাদের কাছে সম্পর্ক মানেই হলো নিজের চাহিদা পূরণ করা। ফলে তারা সঙ্গীর কষ্টের কথা চিন্তা না করেই তাকে মানসিকভাবে আঘাত করতে পারে।

সতর্ক সংকেত (Red Flags) যা দেখে চিনবেন

আপনার সম্পর্কের সঙ্গী কি ডার্ক ট্রায়াড বৈশিষ্ট্যের অধিকারী? এই লক্ষণগুলো মিলিয়ে দেখুন:

  • শুরুতে অতিরিক্ত প্রশংসা (Love Bombing): সম্পর্কের শুরুতে তারা আপনাকে স্বর্গের চাঁদ এনে দেওয়ার প্রতিশ্রুতি দেবে, যা মূলত আপনাকে জালে আটকানোর কৌশল।
  • সহমর্মিতার অভাব: আপনার কষ্টে তারা বিন্দুমাত্র বিচলিত হয় না।
  • ক্রমাগত মিথ্যা বলা: ধরা পড়লেও তারা অবলীলায় মিথ্যা বলে এবং দোষ আপনার ওপর চাপিয়ে দেয়।

উপসংহার ও পরামর্শ

একটি সুস্থ সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক দুর্বলতা (Vulnerability) প্রকাশের সাহসের ওপর। কিন্তু ডার্ক ট্রায়াড ব্যক্তিত্বের মানুষেরা দুর্বলতাকে ভয় পায় এবং একে ঘৃণা করে। যদি আপনি এমন কোনো চক্রে আটকে থাকেন, তবে মনে রাখবেন—তাদের পরিবর্তন করা আপনার দায়িত্ব নয়। নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করা, নিজেকে চেনা, সীমানা ঠিক রাখা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের বা কাউন্সিলরের পরামর্শ নেওয়া। কারণ সুস্থ সম্পর্ক শুধু ভালোবাসা দিয়েই তৈরি হয় না; তৈরি হয় সচেতনতা, সম্মান, এবং মানসিক পরিপক্কতা দিয়ে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles